নিজস্ব প্রতিবেদক : ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার নির্বাচনে মালদা জেলায় ভোটগ্রহণ ঘিরে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এবার জেলাজুড়ে মোট ১৭২ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে, যার মধ্যে একটি কেন্দ্রীয় মহিলা জওয়ানদের কোম্পানিও রয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মালদা জেলায় মোট ভোটারের সংখ্যা ২৭ লক্ষ ৯১ হাজার ৭৩৬।

এর মধ্যে মহিলা ভোটার রয়েছেন ১৩ লক্ষ ৪৯ হাজার ৬০৯ জন এবং পুরুষ ভোটার ১৪ লক্ষ ৪২ হাজার ৬০ জন। পাশাপাশি, বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (SIR) প্রক্রিয়ায় প্রায় ২ লক্ষ ৪০ হাজার ভোটারের নাম বাদ পড়েছে।
জেলাশাসক জানিয়েছেন, নির্বাচন সম্পূর্ণভাবে ভয়মুক্ত, প্রলোভনহীন এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। কোথাও যদি ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার চেষ্টা হয়, তবে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি বুথ ও সংলগ্ন এলাকায় থাকবে ক্যামেরার কড়া নজরদারি।
অন্যদিকে, পুলিশ সুপার জানিয়েছেন, আধাসামরিক বাহিনীর পাশাপাশি জেলায় প্রায় ৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। এছাড়া ৩৬ জন আইসি এবং সাব-ইন্সপেক্টর ও অতিরিক্ত সাব-ইন্সপেক্টর মিলিয়ে প্রায় এক হাজার আধিকারিক দায়িত্বে থাকবেন। কেরল ও উত্তরপ্রদেশ থেকেও সশস্ত্র পুলিশ বাহিনী আনা হয়েছে।
নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থাকছে CRPF, BSF, ITBP এবং SSB। পাশাপাশি, দু’টি কেন্দ্রীয় মহিলা ব্যাটালিয়নের জওয়ানরাও দায়িত্ব পালন করবেন। দ্রুত পদক্ষেপের জন্য ৩২৭টি কুইক রেসপন্স টিমের গাড়ি প্রস্তুত রাখা হয়েছে এবং জেলাজুড়ে ৩৭টি নাকা চেকিং পয়েন্ট চালু করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, জেলায় সংবেদনশীল ও অতিসংবেদনশীল বুথগুলিকে আগেই চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে, বিভিন্ন এলাকায় দুষ্কৃতী কার্যকলাপে জড়িতদের ওপরও নজর রাখা হচ্ছে, যাতে ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

