নিজস্ব প্রতিবেদন :
২৩ এপ্রিল ২০২৬, বিধানসভা নির্বাচনের দিনে কোচবিহারে ভোটগ্রহণ চলাকালীন এক মানবিক ছবির সাক্ষী থাকল শহর। নির্বাচনজনিত কারণে কোচবিহার মাতৃ মা হাসপাতালের সামনে অধিকাংশ খাবারের দোকান বন্ধ থাকায় রোগীর আত্মীয়-পরিজনদের পড়তে হয় চরম অসুবিধায়।

এই পরিস্থিতিতে এগিয়ে আসে কোচবিহার আস্থা ফাউন্ডেশন। সংস্থার উদ্যোগে মাতৃ মা হাসপাতালে থাকা রোগীর আত্মীয়-স্বজন, আশপাশের পথচলতি মানুষ ও ভবঘুরেদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। প্রায় ১৪০ জন মানুষের হাতে সেদিন খাবার তুলে দেওয়া হয়।
খাবারের তালিকায় ছিল ভাত, মাছ, মুড়িঘন্ট, কাঁঠাল-চিংড়ি এবং মিষ্টি—যা পেয়ে উপকৃত মানুষজনের মুখে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি। হাসপাতালের রোগীদের আত্মীয়রা জানান, এমন সময়ে খাবার পেয়ে তারা ভীষণ খুশি ও কৃতজ্ঞ।
এই উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহায়তা করেন কোচবিহারের এক স্থানীয় বাসিন্দা, পাশাপাশি আস্থা ফাউন্ডেশনের সদস্যরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ভোটের দিন এমন মানবিক প্রয়াস নিঃসন্দেহে সমাজের প্রতি এক ইতিবাচক বার্তা বহন করে।

