বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি ও সম্প্রীতির বার্তা, মানবিক উদ্যোগে জি এইচ আর পিস ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক : পয়লা মে বুদ্ধ পূর্নিমাকে সামনে রেখে সমাজে শান্তি, সদভাবনা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল হিউম্যান রাইটস এন্ড পিস ফাউন্ডেশন । সংস্থার ডিরেক্টর বিন্দু শর্মা জানান, গৌতম বুদ্ধ মানবজাতির জন্য অহিংসা ও প্রেমের যে বাণী রেখে গিয়েছেন, তা আজকের বিশ্ব পরিস্থিতিতে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

তাঁর মতে, যখন এক দেশ অন্য দেশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে, তখন শান্তির গুরুত্ব এবং গৌতম বুদ্ধের দর্শনের তাৎপর্য নতুন করে উপলব্ধি করা যাচ্ছে। এই প্রেক্ষাপটে মানুষের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও সম্প্রীতির চেতনা জাগ্রত করাই প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।

সংস্থাটি শুধু বার্তা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সারা বছর ধরে বিভিন্ন মানবিক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় নিয়মিত। পাশাপাশি, আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তা প্রদান, কন্যাদায়গ্রস্ত পরিবারের মেয়ের বিয়েতে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে পাশে দাঁড়ানো—এমন নানা উদ্যোগ গ্রহণ করে চলেছে এই সংগঠন।

এছাড়াও পারিবারিক অশান্তি দূর করে পরিবারে শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতেও সংস্থাটি কাজ করে। বুদ্ধ পূর্ণিমার এই তাৎপর্যপূর্ণ দিনে বিন্দু শর্মা সকলের প্রতি শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার বার্তা পৌঁছে দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।