নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় দফার নির্বাচনের আগে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়-বৃষ্টির প্রভাবে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্যের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে বৃষ্টির পরে কিছুটা স্বস্তি মিললেও দুপুরে আবার গরম বাড়বে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা জোরালো।
এদিকে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে পশ্চিমের জেলা—বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে গরমের তীব্রতা বেশি থাকবে। তবে রবিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে এবং পয়লা মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই পরিস্থিতি চলবে।
রবিবার ও সোমবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পয়লা মে পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও আবহাওয়া থাকবে অস্থির। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে শনিবার থেকে সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ২৯ এপ্রিল ও পয়লা মে পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে।
এছাড়া বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত উত্তর ওড়িশা ও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সব মিলিয়ে, গরমের দাপটের মাঝে ঝড়-বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

