“গর্বের দাগ”– ভোটই দেশের ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার, সচেতনতায় নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক : রাজ্যে প্রথম পর্যায়ের নির্বাচন শেষ হয়েছে। এখন দ্বিতীয় দফার নির্বাচন ২৯শে এপ্রিল। এবারের নির্বাচনও প্রথম দফার মতো শান্তিপূর্ন এবং সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের প্রচেষ্টার অন্ত নেই।
“ভোট দেওয়া মানে নিজের কাছে অঙ্গীকার—দেশের ভবিষ্যৎকে আলোকিত করার প্রতিশ্রুতি।”

এই বার্তাকেই সামনে রেখে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিশেষ ভোটার সচেতনতা প্রচার—‘গর্বের দাগ’ (Gorber Daag)।নির্বাচন কমিশনের এই উদ্যোগে ভোটের কালি বা আঙুলের দাগকে তুলে ধরা হয়েছে আত্মমর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রতীক হিসেবে। প্রচারের মূল বার্তা—ভোট শুধু একটি অধিকার নয়, এটি দেশের উন্নত ভবিষ্যৎ গড়ার দায়িত্বও।

প্রচারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণের উপর। নির্বাচন কমিশন তাদের প্রচারে উল্লেখ করছে—কোনও ধরনের হিংসা নয়,ভয় দেখানো নয়,প্রলোভন নয়,ছাপ্পা ভোট নয়,বুথ বা উৎসে বিঘ্ন নয়।এই বার্তার মাধ্যমে সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট দিতে উৎসাহিত করা হচ্ছে।

এছাড়াও, ভোট সংক্রান্ত তথ্য জানার জন্য টোল-ফ্রি নম্বর ১৯৫০ চালু রয়েছে। সামাজিক মাধ্যমেও সক্রিয়ভাবে প্রচার চালানো হচ্ছে, যাতে নতুন ভোটারদের মধ্যে সচেতনতা আরও বাড়ে।বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রচার গণতন্ত্রকে আরও শক্তিশালী করে এবং ভোটারদের মধ্যে দায়িত্ববোধ বাড়ায়।

দ্বিতীয় দফার নির্বাচনের আগে এই উদ্যোগ ভোটদানের হার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।সব মিলিয়ে, “গর্বের দাগ” শুধু একটি প্রচার নয়—এটি প্রতিটি নাগরিকের কাছে গণতন্ত্র রক্ষার এক শক্তিশালী বার্তা।