নিজস্ব প্রতিবেদক : বোলপুর স্টেশনের ওপর দিয়ে ট্রেনে চেপে বাবা-মায়ের সঙ্গে যাওয়ার সময় চলন্ত ট্রেনে বসেই বোলপুর স্টেশন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকে সকলকে বিস্মিত করেছিল সঞ্চিতা বড়ুয়া। অল্প বয়সেই তার এমন অঙ্কন দক্ষতা ইতিমধ্যেই অনেকের নজর কেড়েছে।

শুধু চিত্রকলাতেই নয়, সঙ্গীতের ক্ষেত্রেও সমান পারদর্শী সঞ্চিতা। রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান থেকে লোকসংগীত—সব ক্ষেত্রেই তার কণ্ঠে ধরা পড়ে সৃজনশীলতার ছাপ। বিভিন্ন জায়গায় অঙ্কন ও সঙ্গীতে একাধিক পুরস্কার অর্জন করে ইতিমধ্যেই নিজস্ব পরিচিতি গড়ে তুলেছে সে।
বাগডোগরা ডিফেন্স কলোনির বাসিন্দা সঞ্চিতার বাবা প্রদীপ বড়ুয়া ভারতীয় প্রতিরক্ষা বিভাগে কর্মরত এবং মা পিঙ্কি বড়ুয়া গৃহবধূ। এ বছর কেন্দ্রীয় বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সঞ্চিতা। ভবিষ্যতে সঙ্গীত ও চিত্রকলাকে কেন্দ্র করে উচ্চশিক্ষা ও গবেষণার ইচ্ছা রয়েছে তার।
সঞ্চিতার সঙ্গীতচর্চায় সবসময় পাশে থাকে তার ছোট ভাই সুপ্রতিম বড়ুয়া, যে সপ্তম শ্রেণির ছাত্র। দিদির গানে তবলায় সঙ্গত করে সে।
সম্প্রতি বুদ্ধ পূর্ণিমার প্রাক্কালে গৌতম বুদ্ধকে কেন্দ্র করে এক সঙ্গীত পরিবেশন করে সঞ্চিতা, যা ধরা পড়ে খবরের ঘন্টার ক্যামেরায়। সৃজনশীল ও ইতিবাচক ভাবনার প্রসারের জন্য খবরের ঘন্টার পক্ষ থেকে সঞ্চিতা ও সুপ্রতিমকে সংবর্ধনাও জানানো হয়।

