নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ির মহানন্দাপাড়ার উদয়শঙ্কর সরণিতে অবস্থিত বুদ্ধ ভারতী বিহারে ২৫৭০তম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজন করা হয়েছে একাধিক ধর্মীয় ও সামাজিক কর্মসূচির। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ—এই ত্রিস্মৃতি বিজড়িত দিনটি উপলক্ষে বিহার কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ প্রার্থনা, পূজা ও বিভিন্ন সেবামূলক কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও একাধিক উদ্যোগ রাখা হয়েছে, যাতে সকলেই এই পুণ্যদিনের মাহাত্ম্য উপলব্ধি করতে পারেন।
অনুষ্ঠান সূচি অনুযায়ী, পয়লা মে সকাল থেকেই শুরু হবে ধর্মীয় পাঠ ও প্রার্থনা। এরপর বৌদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা এবং পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি চলবে। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। এছাড়া বৌদ্ধ ভিক্ষুদের মধ্যাহ্ন ভোজন এবং আগত অতিথিদের জন্য ভোজন বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।
বিকেলে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শিশুদের জন্য বিশেষ আয়োজন থাকছে। সন্ধ্যায় প্রার্থনা এবং সর্বসাধারণের মধ্যে খিচুড়ি বিতরণের মাধ্যমে দিনটির সমাপ্তি ঘটবে।
এই শুভ দিনে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মত তাঁদের।৩০ এপ্রিল বিকেলে বের হতে চলেছে বিরাট এক শান্তি শোভাযাত্রা।
খবর জানিয়েছেন শিলিগুড়ি মহানন্দাপাড়ার উদয়শঙ্কর সরণিতে অবস্থিত বুদ্ধ ভারতীর উপ-বিহারাধ্যক্ষ উত্তমাসারা থের ভিক্ষু।

