নিজস্ব প্রতিবেদন : ২৯৪টি আসনের লড়াই শেষে এখন সবার নজর একটাই সংখ্যার দিকে—১৪৮, অর্থাৎ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার। কোন দল এই সীমা অতিক্রম করবে, তা নিয়েই রাজ্য জুড়ে তুমুল আলোচনা, জল্পনা ও রাজনৈতিক তরজা চলছে।

একদিকে এক্সিট পোলের পূর্বাভাস, অন্যদিকে বাজি ধরা—সব মিলিয়ে চূড়ান্ত ফল ঘোষণার আগে উত্তেজনা ক্রমশ বাড়ছে। যদিও আগামী ৪ মে দুপুরের মধ্যেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এই আবহের মধ্যেই শিলিগুড়ি-র গণিত বিশেষজ্ঞ ও অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপনেন্দু নন্দী তাঁর বিশ্লেষণ তুলে ধরেছেন। তিনি ‘খবরের ঘণ্টা’-কে জানিয়েছেন, তাঁর অঙ্ক অনুযায়ী এবার ভারতীয় জনতা পার্টি পেতে পারে ১৪৫ থেকে ১৫০টি আসন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস-এর ঝুলিতে যেতে পারে ১২৫ থেকে ১৩৫টি আসন।
এছাড়া ভারতীয় জাতীয় কংগ্রেস পেতে পারে ৭ থেকে ৯টি আসন এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) ও অন্যান্য দল মিলিয়ে ৫ থেকে ৭টি আসন অর্জন করতে পারে বলে তাঁর পূর্বাভাস।
তবে এই সমস্ত হিসাব-নিকাশের সত্যতা যাচাই হবে ফল ঘোষণার দিনেই। তার আগে পর্যন্ত রাজ্য রাজনীতিতে উত্তেজনা ও কৌতূহল যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

