শান্তি ও ভক্তিভরে পালিত বুদ্ধ পূর্ণিমা, বিদর্শন ধ্যান আশ্রমে নানা আয়োজন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ির হায়দারপাড়ায় অবস্থিত বিদর্শন ধ্যান আশ্রমে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিভরে পালিত হলো বুদ্ধ পূর্ণিমা। গত ১লা মে বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি যথাযথ মর্যাদায় সম্পন্ন হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন ভক্তবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।

দিনের সূচনা হয় ত্রিপিটক থেকে সূত্র পাঠের মাধ্যমে। এরপর বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা ও পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব এগিয়ে চলে। বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান এবং অতিথিদের আপ্যায়নের আয়োজনও করা হয়। সন্ধ্যায় সর্বসাধারণের মধ্যে খিচুড়ি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এদিনের আয়োজন সম্পর্কে বিদর্শন ধ্যান আশ্রমের সম্পাদক তপন কুমার বড়ুয়া বলেন, “বুদ্ধ পূর্ণিমা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ভগবান বুদ্ধের আদর্শ ও মানবতার বাণী সকলের জীবনে শান্তি ও সম্প্রীতির পথ দেখাক—এই কামনাতেই আমরা প্রতি বছর এই অনুষ্ঠান আয়োজন করি।” এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের সভাপতি ডা. চন্দন বড়ুয়াও।

অপরদিকে আশ্রমের তরফে তন্ময় বড়ুয়া এবং প্রণয় বড়ুয়া সকলকে বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আবেদন জানান।
উল্লেখ্য, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ অংশগ্রহণ করেন, যা এক মানবিক ও আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়।