নিজস্ব প্রতিবেদক : নতুন সরকার শপথ নেওয়ার আগেই চারদিকে নানা প্রত্যাশার আবহ তৈরি হয়েছে। সেই প্রত্যাশার গুরুত্বপূর্ণ একটি দিক হলো পরিবেশ সংরক্ষণ এবং পশুপাখির সুরক্ষা নিশ্চিত করা। বিশেষ করে শিলিগুড়ি অঞ্চলে নদী ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

শিলিগুড়িতে মহানন্দা নদী ও পরিবেশ রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে চলা সমাজকর্মী জ্যোৎস্না আগরওয়ালা জানান, তাঁদের মূল দাবি—মহানন্দা সহ এলাকার অন্যান্য নদীগুলিকে বাঁচাতে কার্যকর প্রকল্প গ্রহণ করা হোক। তাঁর মতে, নদীগুলির অস্তিত্ব সংকট তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়বে পরিবেশের ওপর, যা ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।
তিনি আরও বলেন, একটি সুস্থ ও সবুজ পরিবেশ গড়ে তুলতে নতুন সরকার যেন বিশেষ গুরুত্ব দেয়। পাশাপাশি শহরের পথ কুকুর, রাস্তায় থাকা গরু-যাঁড়সহ অন্যান্য প্রাণীর সুরক্ষা ও সুস্থতার বিষয়েও প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
সব মিলিয়ে, নতুন সরকারের কাছে শুধু উন্নয়ন নয়, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার দিকেও সক্রিয় পদক্ষেপের প্রত্যাশা করছেন সচেতন মহল।

