নির্বাচন-পরবর্তী অশান্তি রুখতে কড়া বার্তা পুলিশের

নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়িতে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নিল পুলিশ প্রশাসন। বুধবার সাংবাদিক বৈঠকে প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ধরনের হিংসা বা অশান্তি কোনওভাবেই মেনে নেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বত্র নজরদারি বাড়ানো হয়েছে এবং কোথাও অশান্তির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের একাধিক এলাকায় উত্তেজনার খবর সামনে এসেছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কিছু এলাকাতেও বিচ্ছিন্ন অশান্তির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। পাশাপাশি কয়েকটি এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনাও সামনে এসেছে।

এই পরিস্থিতিতে পুলিশ ও প্রশাসন যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আহ্বান জানায়। প্রশাসনের দাবি, পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় এখনও আধাসামরিক বাহিনীর মোতায়েন রয়েছে বলেও জানানো হয়েছে।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ওয়াকার রাজা বলেন, কোথাও অশান্তির ঘটনা ঘটলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। শহরের প্রতিটি থানা এলাকায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে বলেও তিনি জানান।