ভোট-পরবর্তী পরিস্থিতিতে শান্তি বজায় রাখার আবেদন প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক :ভোটের ফল ঘোষণার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানাল জলপাইগুড়ি জেলা প্রশাসন ও পুলিশ। এদিন জেলাশাসকের দপ্তরে আয়োজিত এক যৌথ সাংবাদিক বৈঠকে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা জেলার মানুষ, রাজনৈতিক নেতৃত্ব ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বার্তা দেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক সন্দীপ ঘোষ, জেলা পুলিশ সুপার অমরনাথ কে, সিআরপিএফের আধিকারিক সন্তোষ কুমার সহ অন্যান্য প্রশাসনিক ও কেন্দ্রীয় বাহিনীর কর্তারা।

প্রশাসনের তরফে জানানো হয়, ভোট গণনার পর গত দু’দিনে জেলায় দুটি বড় অশান্তির ঘটনা ঘটেছে। এছাড়াও ছোটখাটো নানা ঘটনা মিলিয়ে মোট ২৬টি অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। এই ঘটনাগুলির তদন্তে নেমে এখন পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। যদিও অন্য একটি পরিসংখ্যানে ২৬ জন গ্রেফতারের কথাও উল্লেখ করা হয়েছে।

প্রশাসনের দাবি, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ সুপার আরও জানান, পলাতক তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসকে গ্রেফতারের জন্য তল্লাশি চলছে এবং খুব দ্রুত তাঁকে আটক করা সম্ভব হবে বলে আশাবাদী পুলিশ।

জেলায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বর্তমানে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন স্পর্শকাতর এলাকায় মোতায়েন রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ, রাজনৈতিক দল এবং কর্মী-সমর্থকদের কাছে আবেদন জানানো হয়েছে, যেন কেউ কোনও উস্কানিমূলক বা আইনবিরোধী কাজে জড়িয়ে না পড়েন। জেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে সহযোগিতার আহ্বানও জানানো হয়েছে।