নিজস্ব প্রতিবেদন : রাজ্যের রাজনৈতিক মহলে এখন অন্যতম বড় আলোচনার বিষয় পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম। দলীয় সূত্রে খবর, বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকেই বেছে নেওয়া হয়েছে। ৯ মে কলকাতার ব্রিগেড ময়দানে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান বলে চারদিকে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকের পর অমিত শাহ জানান, পরিষদীয় নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নামই সামনে এসেছে।
তিনি বলেন, বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেই বাংলার মানুষ এই জয় উপহার দিয়েছেন। সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করে উন্নত ও সমৃদ্ধ বাংলা গড়ার লক্ষ্যেই নতুন সরকার কাজ করবে বলে আশ্বাস দেন তিনি।
শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও মহর্ষি অরবিন্দের আদর্শের কথা স্মরণ করে অমিত শাহ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত পংক্তি — “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির” — উল্লেখ করেন। তাঁর দাবি, সেই আদর্শকে সামনে রেখেই নতুন বাংলার পথচলা শুরু হবে।

