নিজস্ব প্রতিবেদক : উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ-এর সারদা বিদ্যামন্দির-এর ছাত্র অভিরূপ ভদ্র এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৯৮।রায়গঞ্জ পুরসভার বীরনগর এলাকায় অভিরূপের বাড়ি।

ছোটবেলা থেকেই সে অত্যন্ত মেধাবী ও পড়াশোনায় মনোযোগী বলে পরিবার ও পরিচিত মহলে পরিচিত ছিল। তার এই সাফল্যে পরিবার, স্কুল ও এলাকার মানুষদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
জানা গিয়েছে, অভিরূপের বাবা আর বেঁচে নেই। মা নন্দ্রানী চৌধুরী পেশায় একজন নার্স। ছেলের পড়াশোনার ক্ষেত্রে তিনি সবসময় উৎসাহ ও সহযোগিতা করে এসেছেন। অভিরূপের পড়াশোনার জন্য মোট ৯ জন গৃহশিক্ষক ছিলেন বলেও জানা গিয়েছে।
মাধ্যমিকে রাজ্যসেরা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই অভিরূপকে শুভেচ্ছা জানাতে আত্মীয়, বন্ধু ও প্রতিবেশীদের ভিড় জমে তার বাড়িতে। তার এই কৃতিত্বে গর্বিত রায়গঞ্জের শিক্ষা মহলও।

