নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মধ্যেই শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এ বছর রাজ্যে মোট পাশের হার হয়েছে ৮৬.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।

জেলার নিরিখে পাশের হারে এবার প্রথম স্থানে রয়েছে কালিম্পং। সেখানে পাশের হার ৯৫.১০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, যেখানে পাশের হার ৯৪.৮২ শতাংশ। তৃতীয় স্থানে থাকা কলকাতা-র পাশের হার ৯২.৩১ শতাংশ। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর।
এবারের পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে অভিরূপ ভদ্র। রায়গঞ্জ-এর সারদা বিদ্যামন্দির-এর ছাত্র অভিরূপ ৬৯৮ নম্বর পেয়েছে, যা শতাংশের হিসেবে ৯৯.৭১।পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এবারের মেধাতালিকায় মোট ১৩১ জন স্থান পেয়েছে। তাদের মধ্যে ১০৩ জন ছাত্র এবং ২৮ জন ছাত্রী রয়েছে।
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় মোট ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩, ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ এবং একজন রূপান্তরকামী পরীক্ষার্থীও ছিলেন।
পরিসংখ্যান অনুযায়ী, ৯০ থেকে ১০০ শতাংশ নম্বর পেয়েছে ১.৪৬ শতাংশ পরীক্ষার্থী। এছাড়া ৮০ থেকে ৯০ শতাংশ নম্বর অর্জন করেছে ২.৮৯ শতাংশ এবং ৭০ থেকে ৮০ শতাংশ নম্বর পেয়েছে ৯.৬৪ শতাংশ পরীক্ষার্থী।

