রবীন্দ্রজয়ন্তীতে সাংস্কৃতিক আবহে মুখর মুরালীগঞ্জ হাইস্কুল

নিজস্ব প্রতিবেদক : সরকারি আদর্শ বিদ্যালয় হিসেবে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চাকেও সমান গুরুত্ব দেয় শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মুরালীগঞ্জ হাইস্কুল। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে না, এমনটা ভাবাই যায় না। দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে শনিবার ৯ মে বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল রবীন্দ্রজয়ন্তী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম জানান, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক জয়ন্ত মল্লিক সহ বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

বিদ্যালয়ের পড়ুয়ারা নিজেদের সাংস্কৃতিক প্রতিভা মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে তুলে ধরে উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নেয়। রবীন্দ্রচর্চার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ গড়ে তোলাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।

গান, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে এদিন মুরালীগঞ্জ হাইস্কুলের পরিবেশ হয়ে ওঠে এক প্রাণবন্ত সাংস্কৃতিক মঞ্চ, যেখানে শিক্ষার পাশাপাশি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির আবহও সমানভাবে ধরা পড়ে।