দীর্ঘ লড়াইয়ের পর বাংলায় বিজেপি সরকার, উচ্ছ্বসিত সঞ্জীব শিকদার

নিজস্ব প্রতিবেদক : একসময় রাজ্যে বিজেপির সংগঠন গড়ে তুলতে কর্মী-সমর্থক খুঁজে পাওয়াই ছিল বড় চ্যালেঞ্জ। সেই কঠিন সময় থেকেই দলের সঙ্গে অটুটভাবে যুক্ত রয়েছেন বহু পুরনো বিজেপি কর্মী ও নেতৃত্ব। বামফ্রন্ট আমল থেকে শুরু করে তৃণমূল সরকারের সময়কাল— কোনও পরিস্থিতিতেই দল ছাড়ার কথা ভাবেননি তাঁরা।

বিভিন্ন সময়ে অন্য রাজনৈতিক দলে যোগদানের প্রস্তাব এলেও আদর্শের প্রশ্নে তা প্রত্যাখ্যান করেছেন। কারণ তাঁদের বিশ্বাস, বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শের লড়াই, যার মূল ভিত্তি ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা।

রাজ্যে বিজেপির সরকার গঠনকে কেন্দ্র করে এমনই প্রতিক্রিয়া জানালেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার মুখপাত্র সঞ্জীব শিকদার। তাঁর বক্তব্য, দীর্ঘদিনের ত্যাগ, পরিশ্রম ও সংগঠনের প্রতি নিষ্ঠার ফল হিসেবেই আজ বাংলায় বিজেপির এই সাফল্য এসেছে।

নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিজেপির নবনির্বাচিত সমস্ত বিধায়ককেও অভিনন্দন জানিয়েছেন তিনি। একইসঙ্গে রাজ্যের সাধারণ মানুষ যেভাবে বিজেপির পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছেন, তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সঞ্জীববাবু।

তিনি আরও বলেন, বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং আগামী দিনে নতুন সরকার রাজ্যের উন্নয়ন ও মানুষের স্বার্থে কাজ করবে বলেই তাঁদের বিশ্বাস।