খেলাধুলা কমে যাওয়াতে বাড়ছে শিশুদের মায়োপিয়া, সচেতনতায় বিশেষ উদ্যোগ দ্য হিমালয়ান আই ইনস্টিটিউটের

নিজস্ব প্রতিবেদন : শিশু-কিশোরদের মধ্যে দ্রুত বাড়ছে চোখের মাইনাস পাওয়ার বা মায়োপিয়ার সমস্যা। বিশেষজ্ঞদের মতে, খেলার মাঠ থেকে দূরে সরে গিয়ে দীর্ঘ সময় ঘরের মধ্যে মোবাইল, কম্পিউটার বা অন্যান্য স্ক্রিনে সময় কাটানোর ফলেই এই সমস্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

বুধবার শিলিগুড়ির বর্ধমান রোডের ঝংকার মোড়ে অবস্থিত দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটেট বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সুপ্রতীক ব্যানার্জী খবরের ঘন্টাকে এই তথ্য জানান।তিনি বলেন, যেসব শিশু ও কিশোর নিয়মিত খেলার মাঠে যায় এবং প্রকৃতির সংস্পর্শে থাকে, তাদের মধ্যে মায়োপিয়ার সমস্যা তুলনামূলকভাবে অনেক কম দেখা যায়।

অন্যদিকে, যারা ঘরের মধ্যে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন কাজকর্ম করে, বিশেষত ডিজিটাল স্ক্রিনে সময় কাটায়, তাদের মধ্যে চোখের মাইনাস পাওয়ার দ্রুত বাড়ছে। করোনা পরবর্তী সময়ে গৃহবন্দী থাকার অভ্যাস তৈরি হওয়ায় এই সমস্যা আরও বেড়েছে বলে জানান তিনি।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আগামী ১৮ থেকে ২৪ মে পালিত হবে “মায়োপিয়া সপ্তাহ”। সেই উপলক্ষে দ্য হিমালয়ান আই ইন্সটিটিউট আয়োজন করেছে “মায়োপিয়া অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ ২০২৬”। এর অংশ হিসেবে আগামী ২৪ মে শিলিগুড়ি তথ্য কেন্দ্রের রামকিঙ্কর হলে একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খেলোয়াড়, প্রকৃতিপ্রেমী, মনস্তত্ত্ব বিশারদ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁরা আলোচনা করবেন কীভাবে মায়োপিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, ভারতে প্রতি চারজন শিশুর মধ্যে একজন মায়োপিয়ায় আক্রান্ত। তাই এখন থেকেই শিশুদের চোখের যত্নে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এই সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে একটি পোস্টার প্রতিযোগিতা এবং প্রবন্ধ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে— “কিভাবে মায়োপিয়া থেকে চোখকে সুরক্ষিত রাখা যায়”।

আগামী ২০ মে পর্যন্ত প্রতিযোগিতার জন্য পোস্টার ও প্রবন্ধ জমা দেওয়া যাবে। ২৪ মে মূল অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের নগদ অর্থ, ট্রফি ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের তৈরি পোস্টার রামকিঙ্কর হলে প্রদর্শিত হবে।

অনুষ্ঠানে থাকছে চক্ষু বিশেষজ্ঞদের মূল্যবান পরামর্শ, আউটডোর খেলাধুলার গুরুত্ব নিয়ে আলোচনা এবং শিশু, অভিভাবক ও শিক্ষকদের জন্য ইন্টারঅ্যাকটিভ সেশন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, “একটি সুস্থ ভবিষ্যৎ, শুরু হোক পরিষ্কার দৃষ্টিশক্তি থেকে।”

যোগাযোগের জন্য ফোন নম্বর: ৯৮৭৪৪ ৭৭৯৫৬ / ৯৩৩২৯ ৮৬৬৬৪।