নিজস্ব প্রতিবেদক : মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত হতে চলেছে “৪র্থ কুডো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কাপ ২০২৬-২৭”। আগামী ১৬ থেকে ২২ মে পর্যন্ত চলবে এই জাতীয় স্তরের প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের পাশাপাশি এবার পশ্চিমবঙ্গ থেকেও মোট ৩১ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে ২৩ জনই উত্তরবঙ্গের প্রতিযোগী, যা স্বাভাবিকভাবেই গর্বের বিষয় হয়ে উঠেছে গোটা উত্তরবঙ্গের ক্রীড়ামহলে।

এই সাফল্যের নেপথ্যে রয়েছেন শিলিগুড়ির বিশিষ্ট কুডো প্রশিক্ষক সহদেব বর্মন । দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠার সঙ্গে কুডো খেলাটিকে জনপ্রিয় করার লক্ষ্যে কাজ করে চলেছেন। তাঁর তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেওয়া বহু ছাত্রছাত্রী ইতিমধ্যেই জাতীয় স্তরে সাফল্য অর্জন করেছে। শুধু পদক বা পুরস্কার নয়, কুডো খেলায় কৃতিত্বের ভিত্তিতে অনেকেই সরকারি চাকরির সুযোগও পেয়েছেন বলে জানা গেছে।
সহদেব বর্মন জানান, বর্তমানে কুডো শুধুমাত্র আত্মরক্ষার একটি মাধ্যম হিসেবেই নয়, ভবিষ্যতের সম্ভাবনাময় ক্রীড়া হিসেবেও আত্মপ্রকাশ করেছে। সেই কারণে বহু অভিভাবক এখন তাঁদের সন্তানদের কুডো প্রশিক্ষণের জন্য পাঠাচ্ছেন। বিশেষ করে আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক সক্ষমতা ও চাকরির সম্ভাবনার কথা মাথায় রেখেই কুডোর প্রতি আগ্রহ বাড়ছে নতুন প্রজন্মের মধ্যে।
তিনি আরও বলেন, উত্তরবঙ্গকে জাতীয় ক্রীড়া মানচিত্রে তুলে ধরতে কুডো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁর আশা, রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার কুডো খেলাধুলার প্রসারেও আরও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি জাতীয় স্তরে ধারাবাহিক সাফল্যের জেরে ভবিষ্যতে কুডো খেলোয়াড়দের জন্য রাজ্য সরকারের চাকরির সুযোগও তৈরি হতে পারে বলে আশাবাদী তিনি।
উল্লেখ্য, পুনের নেতাজি সুভাষচন্দ্র বোস বয়েজ মিলিটারি স্কুল অ্যান্ড জুনিয়র কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই উত্তরবঙ্গের খেলোয়াড়দের প্রস্তুতি তুঙ্গে। জাতীয় মঞ্চে নিজেদের সেরাটা দিতে মরিয়া কুডো যোদ্ধারা।
ক্রীড়াপ্রেমীদের মতে, উত্তরবঙ্গের ছেলেমেয়েদের এই অংশগ্রহণ আগামী দিনে কুডো খেলাকে আরও জনপ্রিয় করে তুলবে এবং নতুন প্রজন্মকে এই খেলায় উৎসাহিত করবে।

