শিলিগুড়িতে অল ইন্ডিয়া শ্রী সারদা সংঘের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গুরুত্ব পেল নতুন প্রজন্মের নৈতিক শিক্ষার প্রসার

নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলে বুধবার বিকাল থেকে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া শ্রী সারদা সংঘ, শিলিগুড়ি প্রধান শাখার উদ্যোগে এক বিশেষ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ভক্তিমূলক পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের সদস্য-সদস্যা, ভক্তবৃন্দ এবং শহরের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সারদাদেবী এবং স্বামী বিবেকানন্দের জীবনদর্শন ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমান সমাজে নতুন প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে এই মহান ব্যক্তিত্বদের ভাবাদর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই তাঁদের শিক্ষা ও আদর্শকে ছড়িয়ে দেওয়ার ওপর অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক সময়ে প্রযুক্তির প্রভাবে শিশু ও কিশোরদের মধ্যে মানবিক মূল্যবোধের কিছুটা অবক্ষয় দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের আদর্শ নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া শ্রী সারদা সংঘের সাধারণ সম্পাদিকা শ্রীমতী শিপ্রা সহায় । এছাড়াও বিভিন্ন শাখার পূজনীয়া মাতাজীগণ উপস্থিত থেকে আধ্যাত্মিক আলোচনা করেন। তাঁদের মধ্যে ছিলেন প্রব্রজিকা গৌতমপ্রাণা মাতাজী, প্রব্রজিকা নির্মুক্তপ্রাণা মাতাজী এবং প্রব্রজিকা সত্যরূপপ্রাণা মাতাজী।

সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পীরা। অনুষ্ঠানে অংশ নেন ভাগ্যশ্রী লাহিড়ী, রেবা ব্যানার্জী, শেখর ভট্টাচার্য এবং নির্মল গাঙ্গুলী। ভক্তিমূলক সংগীত ও আধ্যাত্মিক আলোচনায় পুরো হল ভরে ওঠে এক অনন্য আবহে।

অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সূচনা হয়। পাশাপাশি আধ্যাত্মিক আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং সমাজে মানবিক মূল্যবোধ গড়ে তোলার বার্তা উপস্থিত দর্শকদের গভীরভাবে অনুপ্রাণিত করে। আয়োজকদের মতে, ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা হবে, যাতে সমাজের আরও বেশি মানুষ এই ভাবধারার সঙ্গে যুক্ত হতে পারেন।