উচ্চ মাধ্যমিকে উজ্জ্বল সাফল্য সারদা বিদ্যমন্দিরের, কৃতীদের সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন

নিজস্ব প্রতিবেদক : জলপাইগুড়ি জেলার পুঁটিমারীতে অবস্থিত সারদা বিদ্যমন্দির (উচ্চ মাধ্যমিক) এবারের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কৃতিত্বে খুশির আবহ তৈরি হয়েছে গোটা শিক্ষা মহলে। শিক্ষা, শৃঙ্খলা ও মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠা এই বিদ্যালয় ধারাবাহিকভাবে ভালো ফল করে চলেছে।

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এবছর মোট ৩১ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সকলেই সফলভাবে উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ বিদ্যালয়ের পাশের হার শতভাগ। এর মধ্যে ৭৫ শতাংশের উপরে নম্বর পেয়েছে ২৫ জন ছাত্রছাত্রী এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৬ জন।

ফলাফলে বিদ্যালয়ের সেরা তিন স্থানাধিকারীর মধ্যে প্রথম হয়েছে রাজ মোহাম্মদ। সে মোট ৪৭৪ নম্বর পেয়ে ৯৪.৮ শতাংশ নম্বর অর্জন করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে অনির্বাণ রায়, তার প্রাপ্ত নম্বর ৪৬৫ এবং শতকরা হার ৯৩ শতাংশ। তৃতীয় স্থান অধিকার করেছে আকাশ সরকার। সে পেয়েছে ৪৬৩ নম্বর, শতকরা হার ৯২.৬।

এছাড়াও বিদ্যালয়ের আরও বহু ছাত্রছাত্রী উল্লেখযোগ্য নম্বর অর্জন করেছে। নমিতা সরকার পেয়েছে ৪৫৪ নম্বর, রিম্পা সাহা ৪৫০, অমিত রায় ৪৪৬, মহঃ নাসিম ৪৪২, গৌরব ঘোষ ৪৩৬ এবং প্রিয়া রায় পেয়েছে ৪৩০ নম্বর। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মতে, ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম ও নিয়মিত পাঠাভ্যাসই এই সাফল্যের মূল চাবিকাঠি।

বিদ্যালয়ের সম্পাদক বিমল কৃষ্ণ দাস এবং প্রধান আচার্য অনুপ কুমার মন্ডল জানান, শুধুমাত্র পরীক্ষার ফল নয়, ছাত্রছাত্রীদের মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই বিদ্যালয়ের প্রধান লক্ষ্য। তাঁরা এই সাফল্যের জন্য ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।

এদিকে, বিদ্যালয়ের পক্ষ থেকে আগামী ১৬ মে শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে সফল পড়ুয়াদের সম্মান জানানো হবে এবং তাঁদের আগামী দিনের জন্য শুভকামনা জানানো হবে।

সারদা বিদ্যমন্দিরের এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে দিয়েছে, গ্রামীণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানও সঠিক পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে।