নিজস্ব প্রতিবেদন : অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমই যে সাফল্যের আসল চাবিকাঠি, তা আরও একবার প্রমাণ করল শিলিগুড়ি মহকুমার বিধান নগরের ছাত্র তন্ময় পাল। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯৭.৩ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে একাদশ স্থান অর্জন করেছে বিধান নগর সন্তোষীনি বিদ্যাচক্রের এই মেধাবী ছাত্র।

তন্ময়ের এই অসাধারণ সাফল্যে খুশির আবহ পরিবার থেকে শুরু করে গোটা এলাকাজুড়ে। তাঁর বাবা সত্য পাল বিধান নগরের ভীমবার জাতীয় সড়কের ধারে চায়ের দোকান চালিয়ে সংসার সামলান। মা একজন গৃহবধূ। সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও ছেলের পড়াশোনায় কোনও খামতি রাখেননি পরিবার।
ভবিষ্যতে ডব্লুবিসিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখছে তন্ময়। নিজের এই সাফল্যের জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকা, প্রাইভেট টিউটর এবং পরিবারের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সে।
তন্ময়ের এই কৃতিত্বকে সম্মান জানাতে এগিয়ে আসে বিধান নগর ওয়েলফেয়ার সংগঠন। সংস্থার পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। সমাজকর্মী বাপন দাস বলেন, “তন্ময় পালের এই সাফল্য আমাদের সকলের কাছে গর্বের। ও আগামী দিনে আরও বড় সাফল্য অর্জন করুক, এটাই কামনা।”

