মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফর ঘিরে চাঞ্চল্য, উদ্বোধনের অপেক্ষায় বর্ধমান রোড ফ্লাইওভার

নিজস্ব প্রতিবেদক : মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর এই প্রথম শিলিগুড়ি সফরে আসতে চলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী বুধবার মুখ্যমন্ত্রীর হাত দিয়েই শহরের বহু প্রতীক্ষিত বর্ধমান রোডের নবনির্মিত ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।

জানা গিয়েছে, সফরকালে উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, ফ্লাইওভার উদ্বোধনের সম্ভাবনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা দিয়েছে।

এই ফ্লাইওভারের পরিকল্পনা বাম আমলেই গ্রহণ করা হয়েছিল। পরে তৃণমূল সরকারের সময়ে নির্মাণকাজ সম্পূর্ণ হয়। অবশেষে বিজেপি সরকারের আমলে সেই প্রকল্পের উদ্বোধনের সম্ভাবনা তৈরি হয়েছে।

শহরবাসীর একাংশের মত, দীর্ঘদিনের যানজট সমস্যায় জর্জরিত শিলিগুড়ির জন্য এই ফ্লাইওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফ্লাইওভার চালু হলে শহরের যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা করছেন সাধারণ মানুষ। এখন উন্নত ও যানজটমুক্ত শিলিগুড়ির স্বপ্ন পূরণের অপেক্ষায় শহরবাসী।