নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি শিলিগুড়ির রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে ১৩ই মে থেকে ১৬ই মে ২০২৬ চারদিনব্যাপী শিল্পকলা প্রদর্শনী ও কর্মশালা আয়োজন করেছিল ‘ইন্ডিয়ান কনটেম্পোরারি আর্টিস্ট গিল্ড’। সংক্ষেপে আইক্যাগ।
শিল্পকলা প্রদর্শনীর মাধ্যমে সমসাময়িক বিষয়গুলোকে সৃজনশীলতার সাথে দর্শকদের সামনে তুলে ধরাই ছিল তাদের উদ্দেশ্যে।

প্রদর্শনীতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য কোলাজ শিল্পী শাকিলা । শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, কোলকাতা, দিল্লি প্রভৃতি বিভিন্ন জায়গার শুধুমাত্র মহিলা শিল্পীদের চিত্র নিয়ে প্রদর্শনীটি সম্পূর্ণ হয়েছে। প্রদর্শনীতে সর্বমোট দশজনকে সম্মানিত করা হয়।
যার মধ্যে দু’জন জুনিয়র এবং দু’জন সিনিয়রদের অর্থ মূল্য হাতে তুলে দেয় আইক্যাগ। তপতী চৌধুরী, মৌমিতা তরফদার, সমাপ্তি দেব, সুপর্ণা মজুমদার, সঞ্জিনি মন্ডল, আকৃতি পাশওয়ান, দিশা রায়, শ্রীমা সরকার -এর কাজগুলি প্রশংসার দাবি রাখে।
শিক্ষক ও চিত্রশিল্পী শান্তনু চক্রবর্তী বলেছেন, আমরা চাই আইক্যাগের তত্ত্বাবধানে শিলিগুড়ি ও শিলিগুড়ির বাইরে একাধিক প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করতে যার দ্বারা নবীনদের আরও বেশি উৎসাহিত করে তোলা সম্ভব হবে। যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করা যাবে।
প্রদর্শনীর দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, গবেষক সুলেখা সরকার। তিনি ‘খবরের ঘণ্টা’কে তার অনুভব ব্যক্ত করেন। তার মতে, শিল্পচর্চার জন্য একজন শিল্পীর নির্দিষ্ট অঞ্চলটুকুই যথেষ্ট কিন্তু নিজের সৃষ্টকর্মকে পৃথিবীর কাছে পৌঁছে দিতে গেলে শিল্পীকে বহির্মুখী হতেই হবে।
তার জন্য উপকরণ এবং আয়োজন দু’টিরই প্রয়োজন । তিনি বলেন, ছোটো ছোটো কর্মশালা এবং প্রদর্শনীগুলো শিল্পীকে সচল রাখতে সাহায্য করে।বিগত ১১ বছর ধরে প্রতি বছরই আইক্যাগ এই শিল্প প্রদর্শনীটি আয়োজন করে আসছে ।

