দেশবন্ধুপাড়ার গৌড়ীয় মঠে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়

নিজস্ব প্রতিবেদক : শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার গৌড়ীয় মঠে
গভীর রাতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গিয়েছে, বুধবার রাত আনুমানিক ২টো নাগাদ দুষ্কৃতীরা মঠে ঢুকে চুরি করে । ঘটনায় প্রায় ৩০টি পিতলের গোপাল মূর্তি ছাড়াও পুজোর কাজে ব্যবহৃত একাধিক কাঁসার বাসনপত্র উধাও হয়ে যায় বলে অভিযোগ।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়। পরে ঘটনাস্থলে পৌঁছান ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী । তিনি জানান, এই মঠে আগে কখনও এমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হঠাৎ এই চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

কাউন্সিলরের বক্তব্য, এলাকায় সম্প্রতি নেশাগ্রস্তদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগসূত্র থাকতে পারে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এবং তদন্তের মাধ্যমেই প্রকৃত তথ্য সামনে আসবে বলেও তিনি জানান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে শিলিগুড়ি পুলিশ । পুলিশ আশপাশের এলাকা ও সম্ভাব্য সূত্র খতিয়ে দেখছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।