নরোত্তম গৌড়ীয় মঠে চুরির ঘটনায় পুলিশের জালে ৩, উদ্ধার বহু গোপাল মূর্তি

নিজস্ব প্রতিবেদক : শিলিগুড়ির দেশবন্ধুপাড়া এলাকার শ্রীশ্রী নরোত্তম গৌড়ীয় মঠে সংঘটিত চুরির ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেল শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ২২টি গোপাল মূর্তি সহ একাধিক পুজোর সামগ্রী।

মঠের মহারাজ ভক্তি নিলয় জনার্দন গোস্বামী শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, গত ২১ মে গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী মঠে প্রবেশ করে বিভিন্ন গোপাল মূর্তি, বড় পিতলের ঘণ্টা এবং অন্যান্য পিতলের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। রাত প্রায় ২টো নাগাদ এই ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি থানার পুলিশ নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ প্রথমে দক্ষিণ শান্তিনগর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সরকারকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, চুরি হওয়া সামগ্রী শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দির এলাকার বাসিন্দা দিলীপ সরকার ও পিয়াল সরকারের কাছে রাখা হয়েছে।

এরপর শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং আশিঘর আউটপোস্টের পুলিশের সহযোগিতায় দিলীপ সরকারের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ২২টি গোপাল মূর্তি সহ একাধিক পুজোর সামগ্রী উদ্ধার করা হয়। যদিও উদ্ধার হওয়া কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত ও ভাঙা অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিলীপ সরকার ও পিয়াল সরকারকেও গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আদালতের প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া গোপাল মূর্তি ও অন্যান্য পুজোর সামগ্রী মঠ কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।