পড়াশোনার পাশাপাশি প্রতিভার স্বীকৃতি, মেধাবী শিক্ষার্থীদের জন্য ৭৫ হাজার টাকার স্কলারশিপ

নিজস্ব প্রতিবেদক : শুধু পরীক্ষার ফল নয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, নেতৃত্ব, পাবলিক স্পিকিং ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে দক্ষতা প্রদর্শনকারী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিল লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি সিটিজেন্স তরঙ্গ এবং নেক্সিস স্কুল অফ বিজনেস । যৌথভাবে আগামী ১২ জুন অনুষ্ঠিত হতে চলেছে “উড়ান স্টুডেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬”।

শিলিগুড়ির চেকপোস্টে অবস্থিত নেক্সিস স্কুল অফ বিজনেস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হবে। বিশেষ করে সেইসব শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, যারা শিক্ষাক্ষেত্রে সাফল্যের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নেতৃত্বের গুণাবলি এবং অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখেছে।

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি স্বাধীন জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত দুইজন অসাধারণ শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য ৭৫ হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। এই বৃত্তির অর্থ প্রদান করছেন সমাজসেবী শ্রীমতী সুলোচনা মানসি জাজোদিয়া এবং প্রদীপ সিংঘল।

আয়োজকদের মতে, বর্তমান সময়ে শুধুমাত্র পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে ছাত্রছাত্রীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই এই উদ্যোগ, যাতে তরুণ প্রজন্ম নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায় এবং সমাজের সামনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

এই আয়োজন উত্তরবঙ্গের প্রতিভাবান ছাত্রছাত্রীদের জন্য এক নতুন প্রেরণা হয়ে উঠবে বলেই মনে করছেন শিক্ষা ও সাংস্কৃতিক মহলের বিশিষ্টজনেরা।