নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের গৌরবগাথাকে স্মরণ করে শিলিগুড়িতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো ৭৩তম এভারেস্ট ডে। এই উপলক্ষে শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে দার্জিলিং মোড়ে অবস্থিত কিংবদন্তি পর্বতারোহী তেনজিং নোরগে শেরপার মূর্তির পাদদেশে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি তেনজিং নোরগের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং খাদা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও অন্যান্য অতিথিরাও মহান এই পর্বতারোহীর স্মৃতির প্রতি সম্মান জানান।
উল্লেখ্য, তেনজিং নোরগে শেরপা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহনের মাধ্যমে ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে গিয়েছেন। তাঁর ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ‘এভারেস্ট ডে’ পালিত হয়ে আসছে। সেই ঐতিহ্য বজায় রেখেই এ বছরও শিলিগুড়িতে দিনটি শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে উদযাপন করা হয়।
অনুষ্ঠানে তেনজিং নোরগের অসামান্য সাহস, অধ্যবসায় এবং পর্বতারোহণে তাঁর ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন উপস্থিত বক্তারা। তাঁর জীবন ও কীর্তি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও মত প্রকাশ করেন তাঁরা।

