নিজস্ব প্রতিবেদক : মহানন্দা নদীর প্রতি মানুষের সচেতনতা, শ্রদ্ধা ও ভালোবাসা আরও সুদৃঢ় করতে রবিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল মহানন্দা আরতি। শিলিগুড়ি গঙ্গা মহানন্দা চেতনা মঞ্চের উদ্যোগে মহানন্দা নদীর তীরে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বহু পরিবেশপ্রেমী ও সমাজসচেতন মানুষ।

এদিনের অনুষ্ঠানে মহানন্দা বাঁচাও কমিটির সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচি ঘিরে উপস্থিতদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
উল্লেখযোগ্য বিষয় হল, বিশিষ্ট পরিবেশবিদ ও সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা দীর্ঘদিন ধরে মহানন্দা নদীকে দূষণ ও অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন। নদী সংরক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে মহানন্দার প্রতি শ্রদ্ধাবোধ ও আবেগ গড়ে তুলতে তাঁর উদ্যোগেই শিলিগুড়িতে প্রথম মহানন্দা আরতির সূচনা হয়েছিল।
মহানন্দা বাঁচাও কমিটি গঠন করে জ্যোৎস্নাদেবী অনবরত আন্দোলন করে আসছেন।সেই অবদানের স্বীকৃতি স্বরূপ এদিন মহানন্দা আরতি অনুষ্ঠানে শিলিগুড়ি গঙ্গা মহানন্দা চেতনা মঞ্চের পক্ষ থেকে জ্যোৎস্না আগরওয়ালাকে উষ্ণ অভ্যর্থনা ও সম্মান জানানো হয়। উপস্থিত বক্তারা নদী রক্ষার আন্দোলনে তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা ও ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
নদী ও পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে আয়োজিত এই মহানন্দা আরতি শিলিগুড়ির সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিশেষ গুরুত্ব লাভ করেছে।

