নারদ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা ও সাংবাদিক সম্মাননা, সাংবাদিক কল্যাণে প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব সংবাদ কেন্দ্রের উদ্যোগে রবিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হল দেবর্ষি নারদ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি। সাংবাদিকতা, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনায় ভারতীয় শাস্ত্রীয় সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাকে অনুসরণ করে মনোমুগ্ধকর যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন তরুণ শিল্পী দেবার্পন কর্মকার। তাঁকে তবলায় সঙ্গত করেন বিশিষ্ট তবলা শিল্পী অপূর্ব ব্যানার্জী। তাঁদের পরিবেশনা উপস্থিত দর্শক ও অতিথিদের বিশেষভাবে মুগ্ধ করে।

পরে রাজ্যপালের উপস্থিতিতে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী বুলবুল বোস। তাঁর সুরেলা পরিবেশনা অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে। এদিন বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা কয়েকজন সাংবাদিককে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিক মহলের একাংশের মধ্যে সাংবাদিকদের সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিয়ে আলোচনা শোনা যায়। তাঁদের বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাঁদের দল ক্ষমতায় এলে প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক পাঁচ হাজার টাকার ভাতা চালু করা হবে। পাশাপাশি সাংবাদিকদের স্বার্থে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প গ্রহণের কথাও বলা হয়েছিল।

সাংবাদিকদের একাংশের মতে, বর্তমানে নতুন বিজেপি সরকার গঠিত হওয়ার পর সেই প্রতিশ্রুতিগুলির বাস্তবায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাঁরা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে কল্যাণমূলক প্রকল্প চালু করার পাশাপাশি প্রতিশ্রুত মাসিক ভাতা প্রদানের বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।