খাদ্যাভ্যাস ও জীবনশৈলীর পরিবর্তনেই বাড়ছে ডায়াবেটিস-স্থূলতা, সতর্ক করলেন পুষ্টি বিশারদ ডাঃ জয়শ্রী জানা

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সময়ে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, থাইরয়েডের সমস্যা ও স্থূলতার মতো রোগের প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে সুস্থ জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাসের গুরুত্ব নিয়ে খবরের ঘন্টা-র পক্ষ থেকে কথা বলা হয় হোমিওপ্যাথি চিকিৎসক ও পুষ্টি বিশারদ ডাঃ জয়শ্রী জানার সঙ্গে। শিলিগুড়ি জংশনের বিশ্বদীপ সিনেমা হলের বিপরীতে উত্তরাপন মার্কেট কমপ্লেক্স চত্বরে তাঁর চেম্বার অবস্থিত।

ডাঃ শ্রীমতী জানা বলেন, বর্তমানে মানুষের ব্যস্ত জীবনযাত্রার কারণে নিয়মিত ও সুষম খাদ্যগ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং শরীরচর্চার ক্ষেত্রে অনিয়ম দেখা দিচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে স্বাস্থ্যের উপর। তিনি জানান, অনেকেই খাদ্যের পিছনে যথেষ্ট অর্থ ব্যয় করলেও পিৎজা, বার্গারসহ বিভিন্ন জাঙ্ক ফুড বেশি খাচ্ছেন। অন্যদিকে ফল, শাকসবজি, বাদাম ও অন্যান্য পুষ্টিকর খাবার গ্রহণের প্রবণতা কমছে।

এর ফলেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, থাইরয়েডজনিত সমস্যা ও স্থূলতার মতো রোগ বাড়ছে। তাঁর মতে, এসব সমস্যার পিছনে প্রধানত দায়ী অস্বাস্থ্যকর জীবনশৈলী।তিনি আরও বলেন, বর্তমানে অনেক মানুষ সামাজিক মাধ্যম, ইউটিউব বা ইন্টারনেটে দেখা বিভিন্ন ডায়েট অনুসরণ করছেন। কিন্তু প্রত্যেক মানুষের শরীরের চাহিদা, স্বাস্থ্যগত অবস্থা ও জীবনযাত্রা আলাদা।

তাই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ডায়েট নিয়ন্ত্রণ করা কখনওই সমীচীন নয়। ভুল ডায়েটের ফলে শরীরে পুষ্টির ঘাটতি, দুর্বলতা, হরমোনজনিত সমস্যা এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।ডাঃ শ্রীমতী জানার পরামর্শ, সুস্থ থাকতে হলে নিয়মিত ও সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকা তৈরি করা অত্যন্ত জরুরি। তাহলেই অনেক জীবনশৈলীজনিত রোগ থেকে দূরে থাকা সম্ভব।