উত্তরবঙ্গের শিল্পচর্চাকে জাতীয় মঞ্চে তুলে ধরার অঙ্গীকার, শিলিগুড়িতে শুরু ‘১০ ডুয়ার্স অ্যানুয়াল ২০২৬’ চিত্রপ্রদর্শনী

নিজস্ব প্রতিবেদন : সোমবার শিলিগুড়ি তথ্যকেন্দ্রের রামকিঙ্কর প্রদর্শনী হলে শুরু হলো তিনদিনব্যাপী ‘১০ ডুয়ার্স অ্যানুয়াল ২০২৬’ চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। ডুয়ার্স আর্টিস্টস গ্রুপের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে উত্তরবঙ্গের পাশাপাশি বিভিন্ন প্রান্তের শিল্পীদের চিত্রকলা, প্রিন্টমেকিং, ভাস্কর্য এবং মাল্টিমিডিয়া আর্টের এক অনন্য সমাবেশ ঘটেছে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী মহুলা ঘোষ। দীর্ঘদিন ধরে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের শিল্প ও সংস্কৃতিকে জাতীয় স্তরে তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। দেশের বিভিন্ন প্রান্তে তাঁর একক চিত্রপ্রদর্শনী ইতিমধ্যেই শিল্পমহলে প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহুলা ঘোষ বলেন, বিদেশের বহু দেশে চিত্রশিল্পীদের বিশেষ মর্যাদা ও গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে এখনও শিল্পীদের প্রাপ্য সম্মান ও সুযোগ-সুবিধা পর্যাপ্ত নয়। শিল্পচর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে শিল্পের প্রতি আকৃষ্ট করতে এ ধরনের প্রদর্শনীর গুরুত্ব অপরিসীম বলেও তিনি উল্লেখ করেন।

এই প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা ও শিল্পী মৃণাল রায় দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের শিল্পীদের জন্য একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছেন। তাঁর উদ্যোগেই এই প্রদর্শনী নতুন মাত্রা পেয়েছে বলে উপস্থিত শিল্পীমহলের অভিমত।

এদিন প্রদর্শনীকে কেন্দ্র করে নিজেদের বক্তব্য তুলে ধরেন শিল্পী শম্পা কর, ডঃ পোখরাজ গুহ-সহ বিশিষ্টজনেরা। তাঁরা বলেন, শিল্প শুধুমাত্র নান্দনিকতার বিষয় নয়, এটি সমাজ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দলিল। উত্তরবঙ্গের শিল্পীদের সৃষ্টিশীলতা বৃহত্তর পরিসরে তুলে ধরার জন্য এ ধরনের উদ্যোগ আরও বেশি হওয়া প্রয়োজন।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের বিভিন্ন মাধ্যমের কাজ দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করেছে। শিল্পপ্রেমীদের জন্য আগামী ৩ জুন পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার এক বর্ণময় মিলনক্ষেত্র হয়ে ওঠা এই প্রদর্শনী উত্তরবঙ্গের শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করবে বলেই আশাবাদী শিল্পী ও শিল্পানুরাগীরা।