নিজস্ব প্রতিবেদক : রাজ্যের নবগঠিত সরকারের ঘোষণার পর সোমবার থেকে পশ্চিমবঙ্গ জুড়ে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা কার্যকর হয়েছে। পরিষেবা চালুর প্রথম দিনেই শিলিগুড়িতে দেখা গেল ব্যাপক সাড়া। সকাল থেকেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এনবিএসটিসি) বিভিন্ন বাসে মহিলা যাত্রীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

সরকারি নির্দেশিকা অনুযায়ী বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে মহিলারা এদিন কোনও ভাড়া ছাড়াই বাসে যাত্রা করেন। নতুন এই সুবিধা চালু হওয়ায় কর্মজীবী, শিক্ষার্থী ও নিত্যযাত্রী মহিলাদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।
দিনের বিভিন্ন সময়ে পরিষেবার অগ্রগতি পর্যবেক্ষণ করতে এনবিএসটিসি ডিপো পরিদর্শনে যান ডিসিপি (ট্রাফিক) কাজী শামসুউদ্দিন আহমেদ এবং শিলিগুড়ির মহকুমা শাসক। তাঁরা বাস পরিষেবা ও যাত্রীসুবিধার বিষয়টি খতিয়ে দেখেন এবং মহিলা যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের মতামত ও অভিজ্ঞতা শোনেন।
এদিন প্রশাসনের পক্ষ থেকে যাত্রী মহিলাদের হাতে চকলেট তুলে দেওয়া হয়, যা উপস্থিতদের মধ্যে বাড়তি আনন্দের আবহ সৃষ্টি করে। নতুন পরিষেবার সূচনাকে ঘিরে ডিপো ও বাসস্ট্যান্ড এলাকায় উৎসবের আমেজও লক্ষ্য করা যায়।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিসিপি (ট্রাফিক) কাজী শামসুউদ্দিন আহমেদ বলেন, “রাজ্য সরকারের এই উদ্যোগে বিপুল সংখ্যক মহিলা উপকৃত হবেন। পাশাপাশি শহরের যানবাহন ব্যবস্থা আরও সুসংহত ও গতিশীল করতে পুলিশ প্রশাসন ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।”
রাজ্যের এই নতুন প্রকল্পকে সাধারণ মানুষ ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন। বিশেষত কর্মসূত্রে প্রতিদিন যাতায়াতকারী মহিলাদের মতে, বিনামূল্যে বাস পরিষেবা তাঁদের আর্থিক সাশ্রয়ের পাশাপাশি যাতায়াতকে আরও সহজ ও স্বস্তিদায়ক করে তুলবে। ফলে প্রথম দিন থেকেই এই উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে।

