বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে বালুরঘাটে সচেতনতামূলক সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব সাইকেল দিবসকে কেন্দ্র করে মঙ্গলবার বালুরঘাটে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ MY মাই ভারত এর উদ্যোগে এবং সব্জি এটিএম ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জটালি মোড় থেকে র‍্যালির সূচনা হয়ে বিজেপি মোড় ও হিলি মোড় ঘুরে পুনরায় জটালি মোড়ে এসে শেষ হয়। র‍্যালি শুরুর আগে উপস্থিত অংশগ্রহণকারীদের পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যসচেতনতার বার্তা নিয়ে শপথ গ্রহণ করানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বজুড়ে জ্বালানি তেলের ক্রমবর্ধমান সংকট এবং পরিবেশ দূষণের সমস্যা মোকাবিলায় দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে সাইকেলের ব্যবহার বাড়ানো অত্যন্ত জরুরি। একই সঙ্গে নিয়মিত সাইকেল চালানোর মাধ্যমে সুস্বাস্থ্য বজায় রাখা সম্ভব বলেও উল্লেখ করা হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ কুমার রায় । মাই ভারতের প্রতিনিধিত্ব করেন জেলা যুব আধিকারিক সৌরভ বর্মন এবং অফিস কর্মী রাজেন্দ্র দাস। এছাড়াও এলাকার বহু সাইকেলপ্রেমী, যুবক-যুবতী ও সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসার এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে।