সবুজ পৃথিবীর বার্তা, বৃক্ষরোপণে ফুলেশ্বরী নন্দিনী

নিজস্ব প্রতিবেদন : জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান উষ্ণতার এই সময়ে প্রকৃতিকে বাঁচানোর বার্তা নিয়ে আবারও মাঠে নামল ফুলেশ্বরী নন্দিনী। শুধু গাছ লাগানোই নয়, সেই গাছের সুরক্ষার দায়িত্বও নিচ্ছে সংগঠনটি। পরিবেশ রক্ষার অঙ্গীকারে তাদের এই উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত ৫ জুন শিলিগুড়ি ঘোগোমালী হাইস্কুলের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে ফুলেশ্বরী নন্দিনী। এবারের কর্মসূচিতে আমলকি ও কামরাঙা গাছের চারা রোপণ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১০ সাল থেকে নিয়মিতভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। তাদের মতে, বৃক্ষরোপণ শুধুমাত্র একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমান সময়ে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমশ বাড়ছে।

এই পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ, খরা ও অতিবৃষ্টির মতো সমস্যার মোকাবিলায় গাছের ভূমিকা অপরিসীম।শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করে না ফুলেশ্বরী নন্দিনী। রোপিত চারাগুলি যাতে গবাদি পশুর ক্ষতির হাত থেকে রক্ষা পায়, তার জন্য প্রতিটি গাছের চারপাশে প্লাস্টিকের নেট দিয়ে সুরক্ষাব্যবস্থা করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শ্রাবণেও প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে। অনুষ্ঠানে বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অনন্যা ভাদুড়ী। এদিন পরিবেশ বিষয়ক স্বরচিত কবিতা পাঠ করেন সম্পাদক মঞ্জু সরকার ও সদস্যা পম্পা মজুমদার।

কর্মসূচিতে প্রায় ২০ জন সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সকলের উদ্দেশে আহ্বান জানানো হয়, প্রতি বছর অন্তত দুটি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার কাজে সক্রিয় অংশগ্রহণ করার। কারণ, গাছ বাঁচলেই বাঁচবে প্রাণ, আর সবুজেই গড়ে উঠবে সুন্দর আগামী।