বালাসনের তোড়ে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, ফের বন্ধ শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক : একটানা বর্ষণের জেরে আবারও বিপর্যস্ত পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা।বালাসন নদীর প্রবল স্রোতে ভেসে গেল দুধিয়ায় নির্মিত অস্থায়ী সেতু।
ফলে শিলিগুড়ি-মিরিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

শুক্রবার সকালে ভারী বৃষ্টির কারণে বালাসন নদীর জলস্তর হঠাৎ বৃদ্ধি পেলে দুধিয়া এলাকায় তৈরি করা অস্থায়ী হিউম পাইপের সেতুটি নদীর প্রবল স্রোতে ভেঙে ভেসে যায়। এর জেরে দুধিয়া হয়ে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রসঙ্গত, ২০২৫ সালে দুধিয়ার মূল সেতু ধসে পড়ার পর প্রশাসনের পক্ষ থেকে বিকল্প হিসেবে এই অস্থায়ী সেতুটি নির্মাণ করা হয়েছিল। মিরিক, সুখিয়াপোখরি-সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের যাতায়াতের অন্যতম ভরসা ছিল এই পথ। তবে গত কয়েকদিনের টানা বর্ষণে নদীর স্রোত এতটাই বৃদ্ধি পায় যে শেষ পর্যন্ত সেই অস্থায়ী কাঠামোও টিকতে পারেনি।

অন্যদিকে, লাগাতার বৃষ্টির ফলে শিলিগুড়ি শহরের একাধিক নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। আবহাওয়া দফতর আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং প্রয়োজন ছাড়া যাতায়াত না করার পাশাপাশি বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন কার্শিয়াংয়ের বিধায়ক রাজু বিস্ত। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের বিষয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।