স্বাস্থ্য কেন্দ্র না জুয়ার আড্ডা? ক্ষোভে ফুঁসছে নেতাজি নগর

নিজস্ব প্রতিবেদন : এলাকার মানুষের চিকিৎসা পরিষেবার আশায় দেওয়া হয়েছিল জমি।
শুরু হয়েছিল স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজও।
কিন্তু হঠাৎ থমকে যায় সবকিছু।
এখন সেই নির্মীয়মান ভবনই পরিণত হয়েছে নেশা ও জুয়ার আসরে, অভিযোগ স্থানীয়দের।

শিলিগুড়ি পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের ঘোঘোমালি নেতাজি নগর কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজ বন্ধ হয়ে থাকায় ক্ষোভ ক্রমশ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার সুবিধার কথা মাথায় রেখে স্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য ক্লাব কর্তৃপক্ষ জমি প্রদান করেছিল। নির্মাণকাজও কিছুটা এগিয়েছিল। কিন্তু এরপর অজ্ঞাত কারণে কাজ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা ওই ভবন বর্তমানে নেশাখোর ও জুয়াড়িদের আড্ডাখানায় পরিণত হয়েছে। ফলে একদিকে যেমন স্বাস্থ্য কেন্দ্রের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে, অন্যদিকে এলাকায় সামাজিক সমস্যাও বাড়ছে।

এই পরিস্থিতিতে স্থানীয় ক্লাব সদস্যরা বিষয়টি শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা বিজেপির অমিত জৈনের নজরে আনেন। অভিযোগ পাওয়ার পর তিনি নির্মীয়মান স্বাস্থ্য কেন্দ্রের ভবন পরিদর্শন করেন। কেন নির্মাণকাজ থমকে রয়েছে এবং কোন কারণে প্রকল্পটি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, তা নিয়ে খোঁজখবর করবেন বলে তিনি জানিয়েছেন।

এলাকার বাসিন্দাদের আশা, দ্রুত সমস্যার সমাধান করে স্বাস্থ্য কেন্দ্রের কাজ পুনরায় শুরু করা হবে এবং সাধারণ মানুষ তাদের প্রাপ্য স্বাস্থ্য পরিষেবা পাবেন।