ভাতা বৃদ্ধির ঘোষণায় উচ্ছ্বসিত আশা কর্মীরা, মিষ্টিমুখে আনন্দ উদযাপন

নিজস্ব প্রতিবেদক : রাজ্য বাজেটে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণার পর খুশির আবহ ছড়িয়ে পড়েছে কর্মীদের মধ্যে।দীর্ঘদিনের দাবির আংশিক পূরণ হওয়ায় আনন্দ প্রকাশ করলেন তাঁরা।শিলিগুড়িতে একত্রিত হয়ে মিষ্টিমুখের মাধ্যমে উদযাপন করলেন এই ঘোষণাকে।

রাজ্যে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানিয়ে সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে আনন্দে মেতে ওঠেন আশা কর্মীরা। একত্রিত হয়ে তাঁরা মিষ্টি বিতরণ করেন এবং এই সিদ্ধান্তের জন্য সন্তোষ প্রকাশ করেন।

আশা কর্মীদের বক্তব্য, বহুদিন ধরেই তাঁরা ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের প্রত্যাশা ছিল মাসিক ভাতা আরও বেশি বৃদ্ধি পাবে এবং অন্তত ১৫ হাজার টাকা পর্যন্ত উন্নীত করা হবে। যদিও সেই দাবি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি, তবুও বর্তমান ঘোষণাকে তাঁরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

কর্মীদের মতে, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সরাসরি যুক্ত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাঁদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। তাই ভাতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সুরক্ষা, অবসরকালীন সুবিধা এবং নিয়মিত সাপ্তাহিক ছুটির মতো বিষয়গুলিকেও গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এদিন আশা কর্মীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সরকার তাঁদের বাকি দাবিগুলিও বিবেচনা করবে এবং কর্মপরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।