নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের বাজেটে শিক্ষা খাতে বড়সড় বরাদ্দ ও ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ঘোষণা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।এই পদক্ষেপকে ইতিবাচক বলে উল্লেখ করলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।তাঁর মতে, এই উদ্যোগ রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

সোমবার বিজেপির একটি সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে জলপাইগুড়ি সফরে আসেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শহরের সরোজেন্দ্র দেব রায়কত কলা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রাজ্য বাজেটের শিক্ষা সংক্রান্ত ঘোষণাকে স্বাগত জানান।
মন্ত্রী বলেন, শিক্ষা খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ এবং ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, এই ধরনের উদ্যোগ থেকেই বোঝা যায় যে শিক্ষার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, শিক্ষাক্ষেত্রে এই বিনিয়োগ ভবিষ্যতে রাজ্যের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে এবং ‘সোনার বাংলা’ গঠনের লক্ষ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

