দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই, অসুস্থ ছাত্রীর পাশে ‘এন্ড স্মাইল’ সোসাইটি

নিজস্ব প্রতিবেদক : জীবনের কঠিন লড়াইয়ে নেমেছে দ্বাদশ শ্রেণির এক স্কুলছাত্রী। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ওই কিশোরীর চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ। এমন কঠিন সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দিল শিলিগুড়ির ‘এন্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’।

বুধবার সংগঠনের উদ্যোগে অসুস্থ ছাত্রীর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ওই ছাত্রীকে চেন্নাইয়ের ভেলোরে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে।

সংগঠনের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক ছাত্রীর দাদার হাতে আর্থিক অনুদান তুলে দেন। তিনি জানান, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতাই এমন সংকটের সময়ে একটি পরিবারের কাছে সবচেয়ে বড় শক্তি। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই এই সামান্য সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষদেরও অসুস্থ ছাত্রীর চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।