নিজস্ব প্রতিবেদক : দেশপ্রেম, সততা এবং আদর্শের জীবন্ত প্রতীক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মাখনলাল সরকারকে সংবর্ধনা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল শিলিগুড়ির সারদা শিশু তীর্থ সেবক রোড মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের সামনে তাঁর জীবনসংগ্রাম ও আদর্শ তুলে ধরে দেশসেবার বার্তা দেওয়া হয় অনুষ্ঠানে।

শনিবার শিলিগুড়ির সারদা শিশু তীর্থ সেবক রোড মাধ্যমিক বিদ্যালয়ে এক আন্তরিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব মাখনলাল সরকারকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান আচার্য নির্ভয়কান্তি ঘোষ, পরিচালন সমিতির সম্পাদক পবন কুমার নাকিপুরিয়া, সহ-সম্পাদক, বিশিষ্ট আইনজীবী ও শিক্ষাবিদ বিপ্লব সেনগুপ্ত-সহ বিদ্যালয়ের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই মাখনলাল সরকারের সঙ্গে এই শিক্ষা প্রতিষ্ঠানের নিবিড় সম্পর্ক রয়েছে। সম্প্রতি কলকাতায় বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে পা স্পর্শ করে শ্রদ্ধা জানানোর পর তাঁর জীবন ও আদর্শ নতুন করে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে আসে। পাশাপাশি ড. শ্যামাপ্রসাদ মুখার্জির কাশ্মীর সফরের সঙ্গী হিসেবে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথাও নতুন করে আলোচনায় এসেছে।
সেই প্রেক্ষাপটেই তাঁর দেশপ্রেম, সততা এবং আদর্শনিষ্ঠ জীবনকে সম্মান জানিয়ে এই সংবর্ধনার আয়োজন করে সারদা শিশু তীর্থ সেবক রোড মাধ্যমিক বিদ্যালয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নৈতিক মূল্যবোধের চর্চা, পাঠ্য শিক্ষার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা, দেশপ্রেমের চেতনা, ভারতমাতার প্রতি শ্রদ্ধা এবং সরস্বতী বন্দনায় অংশগ্রহণ দেখে গভীরভাবে মুগ্ধ হন মাখনলাল সরকার।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা সবাই দেশের জন্য কাজ করার অঙ্গীকার করো। সততা ও নিষ্ঠার সঙ্গে ভালো কাজ করলে তার ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়।”
প্রধান আচার্য নির্ভয়কান্তি ঘোষ, সম্পাদক পবন কুমার নাকিপুরিয়া এবং সহ-সম্পাদক বিপ্লব সেনগুপ্ত তাঁদের বক্তব্যে মাখনলাল সরকারের দেশাত্মবোধ, সততা, আদর্শ এবং নিষ্ঠাপূর্ণ জীবনকে আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

