নিজস্ব প্রতিবেদক : আর কয়েক দিনের অপেক্ষা। শিলিগুড়ি ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। ভক্তদের নিরাপত্তা ও নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করতে এবার সরেজমিনে প্রস্তুতি পরিদর্শনে নামলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা।

আসন্ন ইসকন শিলিগুড়ির রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থাকে আরও সুসংহত করতে প্রস্তুতি খতিয়ে দেখলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার, আইপিএস,সৈয়দ ওয়াকার রাজা । এদিন তিনি ইসকন মন্দির প্রাঙ্গণ ও রথযাত্রার নির্ধারিত রুট সরেজমিনে পরিদর্শন করেন।
পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক, এসিপি ট্রাফিক এবং ভক্তিনগর থানার আইসি-সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তাঁরা রথযাত্রার সম্ভাব্য জনসমাগম, যান চলাচল নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা, ব্যারিকেডিং, পার্কিং এবং জরুরি পরিষেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে, যাতে প্রত্যেক ভক্ত নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে রথযাত্রায় অংশ নিতে পারেন।
অন্যদিকে, ইসকন শিলিগুড়ির পক্ষ থেকেও রথযাত্রার সমস্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের সুবিধা, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসন ও ইসকনের সমন্বিত উদ্যোগে এবারও শিলিগুড়ির রথযাত্রা শান্তিপূর্ণ ও সাফল্যমণ্ডিত হবে বলেই আশাবাদী সকলেই।

