নিজস্ব প্রতিবেদন : শুধু বইয়ের পড়াশোনা নয়, জীবনের শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। আজকের একজন সচেতন ছাত্রই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। আর সেই লক্ষ্যেই বিদ্যালয়ের পাঠ্যসূচির বাইরে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তোলার এক ব্যতিক্রমী উদ্যোগ নিল বিধাননগরের মুরালীগঞ্জ হাইস্কুল।

ছাত্রছাত্রীদের সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে নানা ধরনের উদ্যোগ নিয়ে চলেছে শিলিগুড়ি মহকুমার বিধাননগরে অবস্থিত মুরালীগঞ্জ হাইস্কুল। শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম।
সেই ধারাবাহিকতায় মঙ্গলবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রোড সেফটি বা পথ নিরাপত্তা বিষয়ক একটি বিশেষ সচেতনতামূলক কর্মশালা। ইয়ং ইন্ডিয়া, শিলিগুড়ি চ্যাপ্টার-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব, নিরাপদভাবে মোটরসাইকেল চালানোর নিয়ম, হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা, ট্রাফিক সিগন্যালের তাৎপর্য এবং একজন সচেতন পথচারী হিসেবে কীভাবে চলাফেরা করতে হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম এই উদ্যোগের জন্য ইয়ং ইন্ডিয়া, শিলিগুড়ি চ্যাপ্টারের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “শুধু পরীক্ষায় ভালো ফল করাই নয়, ছাত্রছাত্রীরা যাতে আগামী দিনে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই প্রচেষ্টা।”
অন্যদিকে ইয়ং ইন্ডিয়া, শিলিগুড়ি চ্যাপ্টারের প্রতিনিধিরাও প্রধান শিক্ষক সামসুল আলমের প্রশংসা করে বলেন, আন্তরিক ইচ্ছাশক্তি, সঠিক পরিকল্পনা ও নিষ্ঠা থাকলে একটি সরকারি বিদ্যালয়ও মান ও পরিবেশের দিক থেকে যে অনেক বেসরকারি বিদ্যালয়ের সমকক্ষ, এমনকি তার থেকেও উন্নত হতে পারে, তার উজ্জ্বল উদাহরণ মুরালীগঞ্জ হাইস্কুল ও তার প্রধান শিক্ষক।

