শতবর্ষে ঐতিহ্যের নতুন জাগরণ, প্রাণের স্পন্দনে মুখর আনন্দময়ী কালিবাড়ি

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদন :দেশাত্মবোধ, আধ্যাত্মিকতা আর সংস্কৃতির এক উজ্জ্বল ইতিহাস বহন করে চলেছে শিলিগুড়ির ঐতিহ্যবাহী আনন্দময়ী কালিবাড়ি। শতবর্ষে পা দিয়েও থেমে নেই সেই ঐতিহ্যের পথচলা। আবৃত্তি থেকে বসে আঁকো, নৃত্য-সঙ্গীত থেকে মানবিক উদ্যোগ—বছরজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে যুক্ত করছে এই প্রাচীন প্রতিষ্ঠান।

চারণকবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত শিলিগুড়ির ঐতিহ্যমণ্ডিত আনন্দময়ী কালিবাড়ি দীর্ঘ এক শতাব্দী ধরে ধর্মীয় ভাবধারার পাশাপাশি দেশাত্মবোধ, সংস্কৃতি এবং সামাজিক চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শতবর্ষ উদযাপনের এই বিশেষ বছরে সেই গৌরবময় ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে একের পর এক সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই উদযাপনের অংশ হিসেবে শনিবার কালিবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আবৃত্তি প্রতিযোগিতা। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বসে আঁকো প্রতিযোগিতা। এছাড়াও পর্যায়ক্রমে নৃত্য, সঙ্গীতসহ বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন বয়সের প্রতিযোগী ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।

কালিবাড়ি সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী ও ইঞ্জিনিয়ার ভাস্কর বিশ্বাস সকলকে এই শতবর্ষ উদযাপনের নানা অনুষ্ঠানে যোগ দেওয়ার আন্তরিক আহ্বান জানিয়েছেন। তিনি জানান, দুর্গাপুজোর আগে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও প্রস্তুতি চলছে।

শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ডই নয়, শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে রক্তদান শিবির, বস্ত্রদান এবং বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে শিলিগুড়ির আনন্দময়ী কালিবাড়ি তার শতবর্ষে ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিকতার এক অনন্য মিলনমঞ্চ হয়ে উঠেছে। শনিবারের আবৃত্তি প্রতিযোগিতার অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্পিতা দে সরকার