- নিজস্ব প্রতিবেদন :
শুধু ডিগ্রি নয়, গড়ে তোলা হচ্ছে দক্ষ, মানবিক ও আত্মবিশ্বাসী স্বাস্থ্যকর্মী।
অনগ্রসর ও আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু তরুণীর জীবনে আশার আলো জ্বালাচ্ছে খড়িবাড়ির তরাই নার্সিং ইন্সটিটিউট।
প্রশিক্ষণ শেষে অনেকেই আজ বিভিন্ন হাসপাতালে চাকরি পেয়ে পরিবারের মুখে হাসি ফুটিয়ে চলেছেন।
সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত তরুণীদের দক্ষ স্বাস্থ্যকর্মী হিসেবে গড়ে তুলে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির বুড়াগঞ্জ এলাকার তরাই নার্সিং ইন্সটিটিউট। শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষাবিদ পুষ্পজিৎ সরকার-এর দক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিশেষ করে আদিবাসী ও আর্থিকভাবে অনগ্রসর পরিবারের বহু মেয়ে এখানে নার্সিং প্রশিক্ষণ গ্রহণ করে আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত। তাঁদের উপার্জনে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটেছে এবং স্বনির্ভর জীবনের নতুন দিশা মিলেছে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট মালা মথি জানান, বর্তমানে নার্সিং পেশার চাহিদা অত্যন্ত বেশি। সঠিকভাবে প্রশিক্ষণ ও কোর্স সম্পূর্ণ করলে কর্মসংস্থানের সুযোগও উজ্জ্বল। তিনি নিজেও সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর এখনও বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পাচ্ছেন, যা এই পেশার গুরুত্বকেই তুলে ধরে।
২০২২ সালে সরকারি সমস্ত নিয়ম মেনে যাত্রা শুরু করে তরাই নার্সিং ইন্সটিটিউট। খড়িবাড়ির বুড়াগঞ্জের দুধাজোতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি শান্ত, মনোরম ও শিক্ষার উপযোগী পরিবেশে পরিচালিত হয়। এখানে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ, রোগীর প্রতি মানবিক আচরণ, সহনশীলতা, দায়িত্ববোধ এবং সেবার মানসিকতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
স্বাস্থ্য পরিষেবার অন্যতম কেন্দ্র হিসেবে শিলিগুড়িতে বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালের সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে দক্ষ নার্সদের চাহিদাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই প্রয়োজন পূরণে তরাই নার্সিং ইন্সটিটিউটের প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছেন এবং নিজেদের পাশাপাশি পরিবারের ভবিষ্যৎও সুরক্ষিত করছেন।
স্থানীয়দের মতে, শিক্ষা, কর্মসংস্থান ও মানবিক মূল্যবোধ—এই তিনের সমন্বয়ে তরাই নার্সিং ইন্সটিটিউট আজ শুধু একটি প্রশিক্ষণ কেন্দ্র নয়, বরং বহু তরুণীর স্বপ্নপূরণের এক নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠেছে।

