নিজস্ব প্রতিবেদক : মৃত্যুর পরও ফিরিয়ে দেওয়া যায় অন্যের চোখের আলো। চক্ষুদানকে বলা হয় মহাদান—একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে একজন অন্ধ মানুষের জীবন। উত্তরবঙ্গে কর্নিয়া প্রতিস্থাপনের জন্য বিশেষজ্ঞ সার্জনের অভাব এখনও বড় চ্যালেঞ্জ। সচেতনতা বাড়লেও আরও বেশি মানুষের এগিয়ে আসার আহ্বান চিকিৎসকদের।

চোখ মানুষের শরীরের অন্যতম মূল্যবান অঙ্গ। যার দৃষ্টিশক্তি নেই, একমাত্র তিনিই উপলব্ধি করতে পারেন চোখের প্রকৃত গুরুত্ব। তাই দৃষ্টিহীন মানুষের জীবনে আবারও আলোর দিশা ফিরিয়ে দিতে সমাজের বহু শুভবুদ্ধিসম্পন্ন মানুষ মৃত্যুর আগে স্বেচ্ছায় চক্ষুদানের অঙ্গীকার করে যান। তাঁদের সেই মহান সিদ্ধান্তের ফলে মৃত্যুর পর কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে বহু মানুষ নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।
এই প্রসঙ্গে শিলিগুড়ির বর্ধমান রোডে অবস্থিত দ্য হিমালয়ান আই ইনস্টিটিউট-এর বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সুপ্রতীক ব্যানার্জী বলেন, চক্ষুদান নিঃসন্দেহে একটি মহাদান। বর্তমানে কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে সফলভাবে বহু মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে।
একই সঙ্গে তিনি জানান, মানুষের মধ্যে চক্ষুদান সম্পর্কে সচেতনতা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে উত্তরবঙ্গে কর্নিয়া প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ সার্জনের সংখ্যা এখনও খুবই কম, যা এই চিকিৎসা পরিষেবার সম্প্রসারণে অন্যতম বড় প্রতিবন্ধকতা।

