নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ি মহকুমার বিধাননগরে অবস্থিত মুরালীগঞ্জ হাইস্কুল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম জানান, এবছর মোট ২২২ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার মধ্যে সফল হয়েছে ২১৮ জন ছাত্রছাত্রী।

ফলাফলের নিরিখে দেখা গিয়েছে, ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ৫ জন পরীক্ষার্থী। এছাড়া ৮০ শতাংশের উপরে নম্বর অর্জন করেছে ২০ জন এবং ৭৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২৭ জন ছাত্রছাত্রী। ৬০ শতাংশের উপরে নম্বর পেয়েছে মোট ৫৭ জন পরীক্ষার্থী।
বিদ্যালয়ের সেরা স্থানাধিকারীদের মধ্যেও ছিল চমকপ্রদ ফলাফল। সাহাবাজ খান ও রোনাক রাজা যৌথভাবে ৬৪৯ নম্বর পেয়ে স্কুলের শীর্ষস্থান দখল করেছে। এছাড়া নেহা রায় পেয়েছে ৬২৪ নম্বর এবং বিশাল সরকার অর্জন করেছে ৬১৯ নম্বর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম সমস্ত সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নিয়মিত অনুশীলন এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। তিনি আরও জানান, মুরালীগঞ্জ হাইস্কুল শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ধারাবাহিকভাবে সুনাম অর্জন করে চলেছে।
প্রসঙ্গত, শিলিগুড়ি মহকুমার বিধাননগরে অবস্থিত এই সরকারি বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই আদর্শ স্কুল হিসেবে পরিচিত। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া— সব ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের সাফল্য বিদ্যালয়টিকে বিশেষ মর্যাদা এনে দিয়েছে।

