নিজস্ব প্রতিবেদক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার শিলিগুড়ি পূর্ব বিবেকানন্দ পল্লীর সংহতি মোড় এলাকার দেবগীতা অ্যাপার্টমেন্টে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার। আবাসনের সকল বাসিন্দাকে সঙ্গে নিয়ে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই এই বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনৃত্য এবং আবৃত্তির মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করেন আবাসনের সদস্যরা। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি সকলের অংশগ্রহণে আয়োজন করা হয় এক সৌহার্দ্যপূর্ণ নৈশভোজেরও। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল পারস্পরিক আন্তরিকতা ও মিলনের আবহ।
সমাজসেবী নবকুমার বসাক জানান, আবাসনের সকল প্রতিবেশীকে একসূত্রে বেঁধে আগামীদিনে সম্মিলিতভাবে এগিয়ে চলার বার্তা দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এমন সাংস্কৃতিক আয়োজন মানুষে মানুষে সম্পর্ক আরও দৃঢ় করে তোলে।
এদিনের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল স্কুল শিক্ষিকা মিতা সেনের পরিবেশিত রবীন্দ্রনৃত্য, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। রবীন্দ্রচর্চা ও সাংস্কৃতিক আবহে দেবগীতা অ্যাপার্টমেন্টের সন্ধ্যা হয়ে ওঠে এক অন্যরকম স্মরণীয় মুহূর্ত। অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন মিতা সেন, ঋদ্ধিমা বসাক, সুবির শীল, রিংকি চক্রবর্তী শীল,বিপ্লব দে,নীলাঞ্জনা দে,দিব্যান্সি দে
সায়ক দত্ত,উশাসি কর।

