অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণে ভিড়, ঘোঘোমালিতে বিনামূল্যে সহায়তা শিবির

নিজস্ব প্রতিবেদক : অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণকে ঘিরে শিলিগুড়ির ঘোঘোমালি এলাকায় দেখা গেল ব্যাপক উৎসাহ। বিনামূল্যে অনলাইন ফর্ম পূরণের সুবিধা পেয়ে সকাল থেকেই ভিড় জমালেন বহু মহিলা।
এখন
সংবাদ বিস্তারিত

শিলিগুড়ির ঘোঘোমালি এলাকায় মঙ্গলবার থেকে বিজেপির সাংগঠনিক কার্যালয়ে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইন ফর্ম পূরণের কাজ বিনামূল্যে শুরু হয়েছে। এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই এলাকার মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। সকাল থেকেই ফর্ম জমা ও পূরণের জন্য কার্যালয়ে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়।

এলাকার বিজেপি নেতা শ্যামল সাহা জানান, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, মানুষের স্বার্থে এই পরিষেবা ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে, যাতে প্রকল্প সংক্রান্ত কাজে কাউকে সমস্যার সম্মুখীন হতে না হয়।

অন্যদিকে, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণে সহায়তা করতে জনতা ডেস্ক চালু করেছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। মঙ্গলবার ৪ নম্বর ওয়ার্ডে এই ডেস্কের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সকাল থেকেই সেখানে ফর্ম পূরণের জন্য বহু মহিলার উপস্থিতি লক্ষ্য করা যায়।

তবে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ফর্ম পূরণ করলেই প্রকল্পের আর্থিক সুবিধা পাওয়া যাবে—এমন কোনও নিশ্চয়তা তারা দিচ্ছে না। এ প্রসঙ্গে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের প্রতিনিধি বিক্রমাদিত্য মণ্ডল বলেন, সরকারের সম্ভাব্য প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেই উদ্দেশ্যেই এই জনতা ডেস্ক চালু করা হয়েছে।

এখানে আগ্রহীদের ফর্ম পূরণে সহযোগিতা করা হচ্ছে। তবে কারা প্রকল্পের সুবিধাভোগী হিসেবে নির্বাচিত হবেন, তা সংশ্লিষ্ট সমীক্ষা ও যাচাই প্রক্রিয়ার ভিত্তিতেই নির্ধারিত হবে। তাই সুবিধা পাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নেবে।

ফলে অন্নপূর্ণা ভান্ডারকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ যেমন বাড়ছে, তেমনই বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকেও ফর্ম পূরণে সহায়তার উদ্যোগ দেখা যাচ্ছে শিলিগুড়ির বিভিন্ন এলাকায়।