উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের বৈঠক, আলোচনার বাইরে আয়োজক বিশ্ববিদ্যালয়!

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদন :রাজ্যের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত, বৈঠকে স্বয়ং রাজ্যপাল।
উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হলেও, চমকে দিল এক ব্যতিক্রমী ঘটনা।
যে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বৈঠক, সেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েরই কোনো প্রতিনিধি ছিলেন না!
কেন এই অনুপস্থিতি? শুরু হয়েছে নানা জল্পনা।রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নিয়ে বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে রাজ্যের প্রায় ২০ জন উপাচার্য উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রাজ্যপাল।বৈঠকে রাজ্যপাল প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে তাঁদের প্রতিষ্ঠানের পরিকাঠামো, শিক্ষক ও কর্মচারীর ঘাটতি, প্রশাসনিক জটিলতা এবং অন্যান্য সমস্যার বিষয়ে বিস্তারিত মতামত শোনেন। পাশাপাশি তিনি জানতে চান, বিশ্ববিদ্যালয়গুলোর স্বাভাবিক কাজকর্মে কোথায় কোথায় বাধা তৈরি হচ্ছে এবং কীভাবে সেগুলোর সমাধান করা যেতে পারে।বৈঠক শেষে রাজ্যপাল সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত মন্তব্য না করলেও, উপস্থিত উপাচার্যদের বক্তব্য থেকে জানা যায়, আলোচনা ছিল ফলপ্রসূ। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সমাবর্তন অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করার বিষয়েও তিনি বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিষ ভট্টাচার্য জানান, বৈঠকে তাঁরা বিভিন্ন সরকারি প্রকল্প দ্রুত বিশ্ববিদ্যালয়গুলিতে কার্যকর করার আবেদন জানিয়েছেন। রাজ্যপাল সেই প্রস্তাব গুরুত্ব দিয়ে শোনেন এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সরেজমিনে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দেন।তবে এদিনের বৈঠকের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অনুপস্থিতি। যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো, সেই বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিকেই সভায় দেখা যায়নি। এমনকি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সমস্যা বা পরিকাঠামো নিয়েও কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে।

ফলে, আয়োজক বিশ্ববিদ্যালয় হয়েও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কেন আলোচনার বাইরে রইল, তা নিয়ে শিক্ষা মহলে ইতিমধ্যেই নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে।